খালেদার কার্যালয়ে বিশ্ব ইজতেমার প্রতিনিধিদল ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করেছেন বিশ্ব ইজতেমার তিন সদস্যের প্রতিনিধিদল।

মাওলানা আবদুর রহিমের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন মাওলানা আবদুল আওয়াল ও মাওলানা মোয়াজ্জেম হোসেন।

মঙ্গলবার দুপুরে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন। রাজধানীর কাকরাইল মসজিদে বিশ্ব ইজতেমার সুরা সদস্যদের বৈঠক শেষে তারা খালেদা সঙ্গে দেখা করতে আসেন বলে জানা গেছে।

আগামী ৯, ১০, ১১ জানুয়ারি তুরাগ নদের তীরে ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে বিএনপির ঘোষিত অবরোধ প্রত্যাহারের অনুরোধ নিয়ে খালেদার সঙ্গে দেখা করতে এসেছেন কি না, এমন প্রশ্নের আবদুর রহিম বলেন, ‘প্রতি বছর বিশ্ব ইজতেমায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নাগরিকদের আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। এবারো তেমনটি করছি। দেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে খালেদা জিয়াকে বিশ্ব ইজতেমার দাওয়াত দিতে আমরা এসেছি।’

এদিকে, তাদের কিছুক্ষণ পরই বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন দুই ব্যক্তি। তাদের একজনের নাম ইফতেখার আনাম ও তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানা যায়নি।

তবে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বলেন, ‘খালেদার সঙ্গে দেখা করতে হলে গুলশান জোনের ডিসির অনুমতি নিতে হবে।’

এ কথা শোনার পর ইফতেখার আনাম ও তার সঙ্গে আসা ব্যক্তি চলে যান। তবে ডিসির অনুমতি নিয়ে খালেদার সঙ্গে দেখা করতে যান মাওলানা আবদুর রহিমসহ বিশ্ব ইজতেমার প্রতিনিধি দল।

এএইচ