দেশে নির্বাচনের আগেই যে ভাবে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন করা হচ্ছে তাতে আজই সেনাবাহিনীকে মাঠে নামানো উচিত বলে মনে করেন ডিমক্রেসি ওয়াচের প্রধান নির্বাহী তালেয়া রহমান।

শুক্রবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে 'সুষ্ঠ নির্বাচন,সংশয় ও সম্ভাবনা' নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তালেয়া রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এটা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন এবং বাংলাদেশের জন্য এটি লজ্জাকর বিষয়। দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে সুষ্ঠ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজকে থেকেই সেনাবাহিনীকে মাঠে নামানো উচিত।

অনুষ্ঠানে অপর আলোচক জাতীয় নির্বাচন পর্যালোচন পরিষদের চেয়ারম্যন ড. নাজমুল আহসান কলিমুল্লা বলেন, কোন সভ্য দেশের নির্বাচনে সামরিক বাহিনীকে মাঠে নামানো হয়না। তাই আমাদেরও সেটা প্রাকটিস করা উচিত।

সেনাবাহিনী কি ব্যারাকে থেকে ভোট সেন্টারের নিরাপত্তা দিতে পারবে? জাকিরুল ইসলাম নামে এক দর্শকের প্রশ্নের জবাবে ড. কলিমুল্লাহ বলেন, সেনাবহিনীর কাজ দেশের ক্রান্তি লগ্নে দেশের হাল ধরা। আমাদের উচিত উন্নত দেশের মত সেনাবাহিনিকে যত্রতত্র ব্যবহার না করা।

তিনি আরো বলেন, উন্নতদেশ গুলোর মত নির্বাচনকে নিয়ে এত মাতামাতি না করা, তাহলে নির্বাচনে সহিংসতা কমে যাবে।

এআই/ইআর