দেশের চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আপনি সংলাপের আয়োজন করুন। আর তা না করতে চাইলে পদত্যাগ করুন।’

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে সমাজতান্ত্রিক শ্রমিক জোট আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) সংলাপের আয়োজন করুন। আর তা না হলে পদত্যাগ করে নির্বাচন দিন। আপনার সঙ্গে জনগণ সংসার করতে চাইলে করবে। আর না চাইলে তালাক দেবে, আপনি চলে যাবেন।’

রব বলেন, ‘সরকারে থাকলে গালি শুনতে হবে। ইট-পাটকেল খেতে হবে। আপনাকে মনে রাখতে হবে, জনগণ মাঠে নামলে কোনো শক্তি দিয়েই আপনি টিকে থাকতে পারবেন না। আপনি সংলাপে বসেন। আপনার বাবা বঙ্গবন্ধুও সংলাপে বসেছিলেন।’

তিনি বলেন, ‘বাহাত্তর সালে বঙ্গবন্ধু একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন। সেই পথেই শেখ হাসিনা হাঁটছেন। আজকে ঢাকা সারাদেশ থেকে বিচ্ছিন্ন। নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। এই অবস্থা দেশের জনগণ চলতে দেবে না ‘

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে রব বলেন, ‘আপনি অবরোধ দিয়ে দেশের জনগণকে কষ্ট দেবেন না। এভাবে চলতে থাকলে দেশ আফগানিস্তান, ইরাক, ইয়ামেন হয়ে যাবে। আপনি অবরোধ দিয়ে মানুষকে কষ্ট দেবেন, এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। দেশের অবস্থা ভয়াবহ। জনমনে আতঙ্ক। আমরা এ অবস্থা চলতে দিতে পারি না।’

সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জেএসডির সহ-সভাপতি এম এ বোরহান, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
জেআই