স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের কপি পাওয়ার পর ফাঁসি কার্যকর করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘রায় কার্যকরের বিষয়ে যেকোনো নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’

আজ রায় কার্যকর হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখন সময়ের ব্যাপার, আদালত নির্দেশনা দিলেই রায় কার্যকর করা হবে।’

এদিকে গতকাল সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর রায় কার্যকর করার জন্য সকল প্রস্তুতি নেয় কারাকর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা।

কিন্তু কারা কর্তৃপক্ষ পরে জানায়, আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না। মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত আদালতের আদেশ পাননি কর্তৃপক্ষ।

এআর/এমকে