বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, একতরফা প্রহসনের মাধ্যমে এরা সরকার গঠন করেছে। এ সরকারে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। তাই জনগণকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার সকালে জিয়া পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বেএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদসহ নেতাকর্মীরা।
ব্যারিস্টার রফিকুল বলেন, দেশ আজ মারাত্মক সঙ্কটে নিপতিত। যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, দেশে আজ তা ‍ভূলুন্ঠিত। আজকে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। দেশের সংসদে কোনো বিরোধীদল নেই।
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ নিয়ে প্রশ্ন করা হলে ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে আমরা সন্দেহের মধ্যে আছি। প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের সন্ত্রাসীরা কেন্দ্র দখল, ভোট ছিনতাই, বিরোধী নেতাকর্মীদের উপর হামলা ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি কেন্দ্রে-কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা নিজেরাই সরকারদলীয় প্রার্থীর ব্যালটে সিল মারছে।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]