আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৬ মাসে তথাকথিত বন্দুক যুদ্ধের নামে সারাদেশে ৭৯ জন মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াত-ছাত্র শিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ যুবকদের বেছে বেছে হত্যা করছে বলেও মনন্তব্য দলটির।
শনিবার (২ জুলাই) জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গত ১ জুলাই দিবাগত রাতে ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজকে পুলিশের গুলি করে হত্যা করার নৃশংস ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে পাঠনো ওই বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই ঝিনাইদহ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করেছে।”
তিনি আরো জানান, “পুলিশ পারভেজকে গত ১৬ জুন রাতে গ্রেফতার করার পর থেকে তাকে গ্রেফতার করার কথা অস্বীকার করতে থাকে। গত ১৫ দিন আটক রেখে তার উপর চরম অত্যাচার-নির্যাতন চালিয়ে গত ১ জুলাই দিবাগত রাতে তথাকথিত বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে তাকে পৈশাচিকভাবে গুলি করে হত্যা করেছে।”
তিনি সরকারের এহেন হত্যাকাণ্ড বন্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহন জানান।
বিবৃতিতে তিনি পুলিশের গুলিতে নিহত ইবনুল ইসলাম পারভেজের শাহাদাত কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
এছাড়াও বিবৃতিতে তিনি পারভেজের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন।
এমআইএস





