২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয় এবং ২০৪০ সালে বিশ্বের উন্নত দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
শনিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, খুনি মোস্তাক, রশিদ ও জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বাধীনতাকে হত্যা করেছিল। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে হত্যার বিচার হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেন।
শেখ সেলিম বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে এ দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল। ২০০৪ সালে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে সম্মেলনে শেখ সেলিম আরো বলেন, বাংলাদেশ অর্থনীতিতে অনেক এগিয়ে গেছে। বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই নিজেদের অর্থে পদ্মাসেতুর কাজ শুরু করতে পেরেছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু এমপি, দলের উপদেষ্টা ম-লীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, দলের কেন্দ্রীয় কমিটির সদদস্য সুজিত রায় নন্দী, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, আব্দুর রহমান এমপি, অধ্যাপক আলী আশরাফ এমপি, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি, র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফাসহ দলের স্থানীয় নেতারা।
সম্মেলনে আবদুল আউয়াল সরকারকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এসএইচ





