যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় দ্রুত ঘোষণার দাবিতে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চের একাংশ। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কামাল পাশা পক্ষ সোমবার সন্ধ্যায় এ কর্মসূচি পালন করে।
সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ঘুরে পুনরায় জাদুঘরের সামনে শেষ হয়।
কামাল পাশা তার বক্তব্যে বলেন, ‘যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সাঈদীর রায় কাঙিক্ষত না হলে গণজাগরণ মঞ্চের কর্মীরা রাস্তায় নেমে আসবেন। শাহবাগ ঘুমায় না, শাহবাগ আবার জেগে উঠবে।’
মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘সাঈদীর ফাঁসির রায় নিয়ে কোনো নাটকের অবতারণা হলে তা মেনে নেব না।’
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান, প্রজন্ম ৭১’র এফ এম শাহীন, মঞ্চকর্মী মোহাম্মদ বাবুল, শিশির, আবির ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়টি বর্তমানে আপিল বিভাগে প্রকাশের অপেক্ষায় রয়েছে। যেকোনো দিন এ রায় ঘোষিত হবে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]