দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি আদায় ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বায়তুল মোকাররামের উত্তর গেটের শান্তিপূর্ণ সমাবেশ সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে শ্রমিক-জনতা ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (২৯ জুলাই) সকালে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বায়তুল মোকাররামের উত্তর গেটে ১ আগস্টের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মো: মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি এ এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, হোসাইন আহমদ, সুলতান মাহমুদ, কার্যনির্বাহি কমিটির সদস্য আবু রায়হান, মো: মিজানুর রহমান প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, ‘দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। সকল শ্রেণির নাগরিকের ক্রয়ক্ষমতা কমলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকার বাজার নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থাগ্রহণ না করায় বাজার চলে গেছে সিন্ডিকেটের দখলে। ফলে মূল্যস্ফীতি এখন সকল সময়ের রেকর্ড ভঙ্গ করেছে। ফলে দেশের শ্রমিক সমাজের জীবনযাত্রা ইতোমধ্যেই দুর্বিষহ হয়ে উঠেছে। মূলত, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের জন্য তাদের কোনো দায়বদ্ধ নেই। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্যই জামায়াতের শীর্ষনেতাদের একের পর এক হত্যা করে দেশকে রীতিমত বধ্যভূমিতে পরিণত করেছে। তারা সরকার পতনের চলমান গণআন্দোলন দুর্বল করার জন্যই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী আমির মুহম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের শীর্ষনেতাদের কারাগারে আটক রেখেছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ভোট চুরির মাধ্যমে আবারো ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু তাদের ওই স্বপ্নবিলাস জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না।’

তিনি দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও আলেম-উলামার মুক্তি এবং নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ আগস্টের বায়তুল মোকাররামের সমাবেশ সফল করতে সকলকে দলে দলে যোগদানের জন্য আহ্বান জানান।

উত্তরা মডেল থানা
১ আগস্ট সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে উত্তরা মডেল থানার উদ্যোগে এক প্রস্তুতি সভা শনিবার দুপুরে থানা আমির ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিবুল্লাহ।

মোহাম্মদপুর পূর্ব থানা
আগামী ১ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের জন্য মোহাম্মদপুর পূর্ব থানার পূর্ব ওয়ার্ডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পূর্ব ওয়ার্ডের সাংগঠনিক অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। পূর্ব ওয়ার্ড সভাপতি মো: তারিক হোসেনের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর শূরা ও জোন টিম সদস্য সৈয়দ মঞ্জুর হোসেম, মোহাম্মদপুর পূর্ব থানা আমির মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো: সোলাইমান, সৈয়দ কামরুল হোসেন ও থানা শ্রম বিভাগের পরিচালক মো: মাসুম প্রমুখ।

মোহাম্মদপুর পশ্চিম থানা
আগামী ১ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে মোহাম্মদপুর পশ্চিম থানার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। থানা আমির ডা. শফিউর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাসুদুজ্জামান পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহা. জিয়াউল হাসান, বিশেষ অতিথি ছিলেন জোন টীম সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন। আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ও শাহাবুদ্দীন মিজান প্রমুখ।

কাফরুল পশ্চিম থানা
কাফরুল পশ্চিম থানার উদ্যোগে ১ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে যুব ও স্বেচ্ছাসেবক সমন্বয় সভা অনুষ্ঠিত। থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আতিক হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নাছির উদ্দীন। সভায় আরো উপস্থিত ছিলেন শূরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নেসার উদ্দিন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু আইমান ও সেক্রেটারি শাহীন সর্দার, যুব নেতা খন্দকার মু'তাসিম বিল্লাহ, সালাহ উদ্দিন টিপু ও ইঞ্জিনিয়ার আমান উদ্দিন প্রমুখ।

কাফরুল থানা পশ্চিম
কাফরুল পশ্চিম থানার উদ্যোগে ১ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ওলামাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত। থানা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওলামা বিভাগ কাফরুল জোন পরিচালক মুফতী মুহাম্মদ মাসুদুর রহমান। সভায় বক্তব্য রাখেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, মুহাম্মদ দলিল উদ্দিন, মাওলানা আল আমিন, মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

মোহাম্মদপুর উত্তর থানা
মোহাম্মদপুর উত্তর থানার উদ্যোগে ১ আগস্ট মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। আরো উপস্থিত ছিলেন থানা আমির এম এম শিহাব, নায়েবে আমির রবিউল ইসলাম রিজু ও সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।

খিলক্ষেত পশ্চিম থানা
খিলক্ষেত পশ্চিম থানা প্রচার বিভাগের উদ্যোগে ১ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত। থানা প্রচার সম্পাদক নূর মোহাম্মদ প্রোগ্রাম সঞ্চালনা করেন ও প্রচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। থানা প্রচার টিমের সদস্য ও ওয়ার্ড-ভিত্তিক প্রচার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মহানগরী প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খিলক্ষেত পশ্চিম থানার সম্মানিত আমির সরদার মো: আব্দুল কাদের ও সেক্রেটারি মো: সলিমুল্লাহ। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।