বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া জনগণের শত্রুতে পরিণত হয়েছে। তার (খালেদা জিয়া) কার্যালয় থেকে শুধু বিদ্যুতের লাইন নয়, সমস্ত লাইন কেটে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী হকার্স লীগ আয়োজিত এক মানবন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির ডাকা অবরোধ-হরতালের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাছান বলেন, বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ অবরোধের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। দেশের মানুষের দাবি খালেদা জিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হোক। অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়া হোক।
তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে দেয়ার স্বার্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্য থেকে মুক্তি দিতে তার (খালেদা) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। তিনি এখন আর মানুষ নেই, হিংস ডাইনি হয়ে গেছেন।
হকার্স লীগের সভাপতি জাকারিয়া হামিদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
এমআর/কেএইচ





