মায়ের লাশ দেখতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন।

আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার তাকে প্যারোলে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন গিয়াস উদ্দিন আল মামুন।

১২ বছর ধরে কারাগারে থাকা মামুন প্যারোলে মুক্ত হয়ে রাজধানীর শের-ই বাংলা নগরে শুক্রাবাদের বাসায় যাবেন। শুক্রাবাদ জামে মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল (বুধবার) ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তার প্যারোলে মুক্তির আবেদন করেন মামুনের বড় ভাই মো. জালাল উদ্দিন রুমি।

আবেদনে বলা হয়, গিয়াস উদ্দিন আল মামুনের মা মিসেস হালিমা খাতুন বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এর আগে গত ১০ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ২০০৭ সালের ৩১ জানুয়ারি মাসে মামুন যৌথবাহিনীর হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে থাকলেও তার বিরুদ্ধে পিডব্লিউ ইস্যু থাকায় তার জামিন কার্যকর হয়নি।

তাই মাকে শেষবারের মতো দেখতে এবং তার জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে গিয়াস উদ্দিন আল মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

এমবি