আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রচার-প্রচারণার কমতি নেই। প্রত্যেক সম্মেলনে দেখা যায় দলের জাতীয় নেতাদের ছবি থাকে স্টাম্প সাইজের এবং দলের কোনো প্রচারণা থাকে না, থাকে শুধু ব্যক্তি প্রচারণা।

এবারই প্রথম নিয়ম করে ব্যক্তি প্রচারণা না করার জন্য বারবার নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে।

দলের এবং নেতাদের কথা বা সম্মেলনের নিয়ম অমান্য করে অনেক নেতাই তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করে পোস্টার ব্যানার বানিয়ে প্রচার-প্রচারণা করছে।

যে স্থানকে সম্মেলনের জন্য নির্ধারণ করা হয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই কয়েকটি পোস্টার এবং ব্যানার দেখা যায় যেগুলোতে ব্যক্তির বড় আকারের ছবি ব্যবহার করা হয়েছে। পক্ষান্তরে দলীয় নেতাদের ছবি দেওয়া হয়েছে নামে মাত্র।

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের নাম এবং বিশাল ছবি দিয়ে আগামী ২২-২৩ অক্টোবরের ২০তম সম্মেলন সফল করার জন্য প্রচার-প্রচারণা চালানোর পোস্টার টাঙ্গানো দেখা যায়।

এছাড়াও রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নবাব আলী মোল্লা দলের নেতা বা নেত্রীর ছবিসহ নিজের ছবি দিয়ে ফেস্টুন করে সম্মেলন কেন্দ্র উদ্যানের সামনে শাহবাগ মৎস ভবনের রাস্তার তারের পিলারে টাঙ্গানো দেখতে পাওয়া গেছে।

এর আগে ব্যক্তি প্রচারণা না করার লক্ষ্যে ওবায়দুল কাদের বলেন, এবারের সম্মেলনে আমাদের ফোকাস থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বা তাদের পরিবারের অন্য কোনো সদস্যের দিকে।

ব্যক্তি প্রচারণার এ ছবি দেখিয়ে অনেক নেতার কাছে জানতে চাইলে নেতারা জানায়, নিয়ম ভেঙ্গে সে অন্যায় করেছে। তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।


এমএনজে