বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “বাকশাল থেকে জিয়াউর রহমান গণতন্ত্র উদ্ধার করেছিল, এরশাদের কাছ থেকেও আন্দোলন করে গণতন্ত্র উদ্ধার করা হয়েছিল, বর্তমান সময়েও গণতন্ত্র প্রায় মৃত।”
আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশনেত্রী ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নয়, “এ দলের যত নেতাকর্মী আছে সবাই মামলাবাজ। আওয়ামী লীগের কিছু নেতা আছেন যাদের কাজই হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া।”
সরকারের উদ্দেশ্য নজরুল ইসলাম খান বলেন, “রোহিঙ্গাদের হত্যার বিষয়ে বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে আছে। আর এদিকে আপনারা রোহিঙ্গাদের বাংলাদেশের আশ্রয় দিচ্ছেন না।
আমরা তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে বলছি না, তাদের আশ্রয় দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে ফেরত পাঠান।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকার বিএনপিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে না, তারা বিএনপিকে শত্রু মনে করে। এজন্যই খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে এতো মামলা দেয়া হচ্ছে।”
এমবি





