ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, আওয়ামী অপশাসনে দেশ আজ বিপর্যস্ত। সারাদেশের ওপর মানুষের ক্ষোভ বাড়ছেই। ছাত্রজনতাও সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত। আন্দোলনের মাধ্যইে সরকারের অপশাসনের জবাব দেয়া হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় সোমবার সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
শিবির সভাপতি বলেন, আওয়ামী সরকার শতশত ছাত্র হত্যার সাথে জড়িত। গত মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা ও গুম করেছে। সরকার যদি মনে করে মানুষ এসব হত্যাকাণ্ডের কথা ভুলে গেছে, তাহলে তারা মস্ত ভুলের মধ্যে রয়েছে। বিক্ষুব্ধ জনগণ সরকারকে জবাব দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
তিনি বলেন, পবিত্র রমযান মাসেও মন্ত্রী ও সরকারের কর্তা ব্যক্তিরা মিথ্যাচারে ব্যস্ত রয়েছেন। তারা দেশে সুশাসন চলছে বলে দাবি করছেন। দেশে যদি সুশাসনই থাকবে, তাহলে ছাত্রলীগ নামের সন্ত্রাসী সংগঠন কী করে টিকে আছে? ছাত্রলীগের মত সন্ত্রাসী সংগঠন দেশে থাকলে সুশাসনের দাবি টেকে না।
তিনি আরও বলেন, সরকার ছাত্রশিবিরকে দমনের জন্য যেভাবে হত্যা, গুম, গণগ্রেফতার, নির্যাতনের পথ বেছে নিয়েছে, তা সময়ের ব্যাবধানে অকার্যকর প্রমানিত হয়েছে। শিবির নেতাকর্মীরা শহীদ হয়ে প্রিয় সংগঠনকে বাংলাদেশের মাটিতে আরও মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন।
শিবির সভাপতি আগামী দিনের আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে ছাত্রজনতার প্রতি আহবান জানান।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





