মানুষ হত্যা করে খালেদা জিয়া দুর্নীতি মামলা থেকে মুক্তি চান বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে ‘অবরোধের নামে বিএনপি-জামায়াত কর্তৃক বোমা মেরে পুলিশ হত্যা-গাড়িতে অগ্নিসংযোগসহ সকল প্রকার ধ্বংসাত্নক কার্যকলাপের বিরুদ্ধে’ এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘সারাদেশে বোমা মেরে মানুষ হত্যার মধ্য দিয়ে খালেদা জিয়া নিজের ও তার ছেলের দুর্নীতি মামলা থেকে মুক্তি পেতে চান। বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। মানবতা বিরোধীদের ফাঁসি থেকে রক্ষা করতে চান।’
তিনি বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার এ অহেতুক দাবির কাছে সরকার মাথা নত করবে না। অবরোধ দিয়ে যতই তালবাহানা করুন না কেন সফল হবেন না। জেলখানা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার বিচার হবেই।’
মোফাজ্জল হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘আইনের ভয়ে বাসা ছেড়ে অফিসে এসে বেগম জিয়া অসুস্থতার ভান করে বিদেশিদের সহযোগিতা চান। যেদলের সভানেত্রী বাসা ছেড়ে অফিসে আশ্রয় নেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রেসক্লাবে আশ্রয় নেন আর আরেকজন হসপিটালের ভাড়া না দিয়ে পালিয়ে যান এই যাদের অবস্থা তাদের পক্ষে আন্দোলন করা সম্ভব নয়।’
তিনি তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘তারেক জিয়া নাকে খত দিয়ে বলেছেন আর রাজনীতি করবো না। এখন তিনি বিদেশে বসে দেশের রাজনৈতিক ফর্মুলা দেন। জাতির পিতাকে কটাক্ষ করে কথা বলেন।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, ফয়েজ উদ্দিন মিয়া, সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।
জেআই





