আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদ নিয়ে বিরূপ মন্তব্য করায় তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে টিআইবি’র বিরুদ্ধে সরকার অ্যাকশন নেবে।

আজ বিকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি টিআইবি’র উদ্দেশ্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সুরঞ্জিত বলেন, আমি সংসদেও বলেছি, আজও বলছি- তিন দিন সময় দেয়া হয়েছে, এর মধ্যে টিআইবি ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে কমিটি সম্মত হয়েছে।

তিনি বলেন, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫ কমিটিতে রয়েছে, বিলও চূড়ান্ত হয়ে রয়েছে, এখন পাস হবে। তাই তিন দিন সময় দিয়েছি ড. ইফতেখারকে, তিনি যদি তার ভুল স্বীকার করে ক্ষমা না চান তাহলে সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বিদ্যমান আইনেই রয়েছে, আমরা এর প্রয়োগ করি না।

তিনি আরও বলেন, অন্য এনজিওদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু টিআইবি সংসদ নিয়ে এ ধরনের মন্তব্য কেন করলো তা জানতে হবে। টিআইবি যা বলেছে অগ্রণযোগ্য, একদমই অগ্রহণযোগ্য। সংসদ, সংবিধান ও রাষ্ট্র নিয়ে মজা করা বিশ্বের কোনো দেশেই হয় না।

সুরঞ্জিত বলেন, আমরা এনজিওবান্ধব, তার মানে এই না সরকার-সংবিধান-রাষ্ট্র নিয়ে যে যা ইচ্ছা তাই বলবে। এ অধিকার তাদের কেউ দেয়নি। এ অধিকার কেবল রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে।

এসএইচ