আওয়ামী লীগের কাউন্সিল জনগণকে কিছু দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জিয়া সাইবার ফোর্স আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে এ গোলটেবিল বৈঠকের আযোজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম এ সময় আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, কাউন্সিল থেকে আপনারা কিছু দিতে পারেননি। দেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে ছিলো কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন তার পথ নির্দেশনার জন্য। কিন্তু আপনারা সেই পথ নির্দেশনা দিতে পারেন নি।

জিয়া সাইবার ফোর্সের সভাপতি অহিদুজ্জামান দীপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এম জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এসএম