তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যদি রাজাকাররা ক্ষমা চাইতেন তাহলে হয়তো তা পেতেন। তারা পাপ করেছেন তাই সাজা পাচ্ছেন। বিচারকের দয়ায় হয়তো বেঁচে যেতেন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে কার্ডিফ ইন্টার স্কুল আইসিটি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী তথ্যপ্রযুক্তির কল্যাণের কথা উল্লেখ করে বলেন, তথ্যপ্রযুক্তি বিশ্বের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করছে। ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে কম্পিউটার শিক্ষা আমাদের আধুনিক করে তুলছে।

দেশের স্কুলগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাস রুম আছে। তবে সার্টিফিকেট নিলেই হবে না,  মানুষের মতো মানুষ হতে হবে। অনেকেই ইভটিজিং করে; যারা ইভটিজিং করে তারা অসভ্য, অমানুষ।

স্কুলের প্রিন্সিপাল জিএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্কুল কমিটির চেয়ারম্যান এসএম ইমদাদুল হক, অধ্যাপক নাঈম উদ্দিন আহমেদ প্রমুখ।

জেআই