আব্দুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয়া হলে কারাগার ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত ইসলামী দলগুলো। সেই সঙ্গে যেদিন তাকে মুক্তি দেয়া হবে সেইদিন থেকে সারাদেশে লাগাতার হরতাল হবে বলেও হুঁশিয়ারি দেন।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত ইসলামী দলগুলো এ হুঁশিয়ারি দেন।
লতিফ সিদ্দিকীকে সাত মামলায় জামিন দেয়ার প্রতিবাদে এবং তার শাস্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর ও নিকৃষ্ট মন্তব্য করে মুরতাদ মন্ত্রী লতিফ সিদ্দিকী ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তাকে জামিন দিয়ে মুক্তি দেয়ার চক্রান্ত করলে দেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। মুরতাদের আশ্রয় জেলখানা ছাড়া আর কোথাও হবে না।
লতিফ সিদ্দিকী ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে আখ্যায়িত করেন তিনি।
ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন প্রমুখ।
অপরদিকে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে লালবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
হেফাজতের উপদেষ্টা মাওলানা আবদুল লতীফ নেজামীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মুফতি তৈয়্যেব হোসাইন প্রমুখ।
এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেন।
কেএইচ





