গুম-খুন করে সরকার ক্ষমতাকে আর দীর্ঘায়িত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে। গুম, গ্রেফতার আর বিরোধী দলকে জুলুম নির্যাতন করে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না।

আন্দোলনের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করতে হবে। ২০১৮ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ক্ষমতায় আসবে প্রত্যাশা করে সবাইকে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মঈন খান অভিযোগ করেন, দেশে আজকে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। সরকারের বিরুদ্ধে টু-শব্দটি করলে তাকে জেলে নিয়ে যায় অথবা তাকে হত্যা অথবা গুম অথবা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়।

এটাই হচ্ছে আজকের বাস্তবতা, এটাই হচ্ছে সত্যকথা। এটা শুধু আমাদের কথা নয়, বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোও একই কথা বলছে।

রাষ্ট্রপতির বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রপতি নিজে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বলেছেন, আমি রাম ছাত্র ছিলাম। আমরা মেধাবী ছাত্রের কথা শুনেছি, মাঝারি ছাত্রের কথা শুনেছি, দুর্বল ছাত্রের কথা শুনেছি কিন্তু রাম ছাত্রের কথা তো শুনিনি।

তিনি বলেন, যে সরকারের তিনি রাষ্ট্রপতি সেই সরকার কিন্তু রাম সরকার বলে মনে হয়। না সফল সরকার, না উন্নয়ন-উৎপাদনের সরকার, না গণতান্ত্রিক সরকার।

এই একটা নিষ্ঠুর-নির্দয় অগণতান্ত্রিক একদলীয় সরকার, এটি একটা রাম সরকার। এর বাইরে তো আমরা কোনো উদাহরণ দিতে পারছি না।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ নরসিংদী জেলাবাসীর উদ্যোগে কারাবন্দি নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, জেলা যুব দলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান নাহিদের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে আলোচনা সভায়, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, ফেরদৌস আহমেদ খোকন, আশরাফউদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

এমআর