হুসেইন মুহাম্মদ এরশাদ অনুসারীদের পাল্টা অবস্থানে চট্টগ্রামে কর্মী সম্মেলন করতে পরেনি কাজী জাফর আহমদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
শুক্রবার দুপুর ৩টায় নগরীর মুসলিম হলে সংগঠনের মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হুসেইন মুহাম্মদ এরশাদ অনুসারীরা পাল্টা সমাবেশের ডাক দিলে পুলিশ দলের কোন অংশকেই সমাবেশ করতে দেয়নি।
দুপুর থেকে মুসলিম হল ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সদস্যরা হলের অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেয় নি।
একই সময়ে অদূরের থিয়েটার ইনস্টিটিউটের সামনেও অবস্থান নেয় পুলিশ সদস্যরা। মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলাইমান আলম শেটের নেতৃত্বে হুসেইন মুহাম্মদ এরশাদ অনুসারীরা মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে,তারা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন,দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্ক্ষা ছিল। তাই যারাই সমাবেশ করতে এসেছে সরিয়ে দিয়েছি।
কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ডাকা কর্মী সম্মেলনে জাফর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান,মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংগঠনের উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]