বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকারের পতনের জন্য ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য কঠোর আন্দোলনের বিকল্প নেই।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে  এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনে জয়ী হতে দেশের অর্ধেক ভোটারকে বঞ্চিত করেছে। আর বাকি আসনগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। এজন্যই তাদের (সরকারের) জনগণের প্রতি দায়বদ্ধতা নাই।
তিনি বলেন, সরকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভয় পায়। সে কারণে সারাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এসব মামলায় হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে নির্যাতন করছে। তাই এই সরকারের পতন ঘটাতে হলে আলোচনা সভা যথেষ্ট নয়, আন্দোলনের বিকল্প নেই।
বিএনপির এই নেতা বলেন, জনগণের সরকার কায়েম করতে না পারলে নেতাকর্মীদের মুক্ত করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। তাই খালেদা জিয়ার নেতৃত্বে নেতাকর্মীদেরকে আগামী দিনে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান শীর্ষ এই নেতা।
মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]