পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত মানিকগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলীর সঙ্গে গত ১৭ সেপ্টেম্বর তার স্ত্রী রাশিদা খাতুন থানায় দেখা করতে গেলে পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন,জামায়াত নেতা শাহজাহান আলীর স্ত্রীকে গ্রেফতার করে তার ওপর চরম জুলুম করা হয়েছে। পুলিশ শাহজাহান আলীর স্ত্রীকে শুধু গ্রেফতার করেই ক্ষ্যান্ত হয়নি তার পুত্র এবং কন্যাদেরকেও মিথ্যা মামলায় আসামী করে মানবাধিকার লঙ্ঘন করেছে। বর্তমান সরকারের জুলুম থেকে আজ নিরীহ, নির্দোষ গৃহবধূরা এবং তাদের পুত্র-কন্যাগণও রেহাই পাচ্ছে না।

সরকার শাহজাহান আলীর গোটা পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের প্রতিহিংসাপরায়ণ মানসিকতাই প্রকাশিত হয়েছে। এ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা এবং দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

গ্রেফতার ও জুলুম বন্ধ করে মানিকগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী এবং তার স্ত্রী রাশেদা খাতুনসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এআর