জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর (মুজিববর্ষ) উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে কেন্দ্রীয়ভাবে জাতির পিতার জন্মশতবার্ষিকীর লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্যদিয়ে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রতিটি জেলা, উপজেলা ও পাবলিক স্থানে একইসঙ্গে ক্ষণগণনা শুরু হয়।
সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি জায়গা, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি স্থানে ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের শততম বছর পূর্ণ হবে। এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করবে বাংলাদেশ।
উল্লেখ্য, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানে কারাবাস থেকে মুক্ত হয়ে এই দিনে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এমবি





