বাইকে চড়ে অফিসের যাওয়ার ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন সদ্য সরকারের মন্ত্রিসভার সদস্য জুনাইদ আহমেদ পলক। 

গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন তিনি। 

পেজে দু'টি ছবি পোস্ট করে ক্যাপশনে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, বাইকে চড়ে প্রথম দিন অফিসে...

কিন্তু ছবিতে দেখা যায় কোন প্রকার হেলমেট ছাড়াই তিনি বাইকে চড়ছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও সমালোচিত হয়।

নেটিজনদের মতে, একজন সংসদ সদস্য কিভাবে আইন ভঙ্গ করে এই কাজ করতে পারেন। তাও আবার দায়িত্ব পাওয়ার পর প্রথম অফিসের দিন।

পলকের ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার বাসা থেকে নিজ গাড়িতে করে আইসিটি ডিভিশনের উদ্দেশে বের হন প্রতিমন্ত্রী। পথে শেরে বাংলা নগরের র‌্যাব-২ এর অফিসের সামনে তীব্র যানজটের কবলে পড়েন তিনি। এ সময় অফিসে দেরি হয়ে যাওয়ায় এক পথযাত্রীর মোটরসাইকেলে করে অফিসে পৌঁছান পলক।

এর আগে গত বছরের অক্টোবরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যাওয়ার সময় শহীদ তাজউদ্দীন আহমেদ সরণীতে যানজটের কবলে পড়েন জুনাইদ আহমেদ পলক। ওই সময় তিনি গাড়ি থেকে নেমে পুলিশের এক সাব-ইন্সপেক্টরের মোটরসাইকেলে করে ওই টিভি চ্যানেলের অফিসে পৌঁছান।

নবগঠিত মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক। সূত্র: সমকাল ও ইন্টারনেট।

জেড