ব্যালটের মাধ্যমে সরকারের ‘অপকর্মের’ জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
শনিবার পুরান ঢাকায় মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণার ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, ‘নানা মিথ্যা মামলা দিয়ে মির্জা আব্বাসকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। আমি শতভাগ নিশ্চিত, সুষ্ঠু নির্বাচন হলে আমাদের বিজয় হবে।’
আফরোজা আব্বাসের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন— ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান, ঢ্যাব নেতা ডা. রফিক, মহিলা কাউন্সিলর প্রার্থী ফরিদা ইয়াসমিন, নায়ক উজ্জ্বল, ছড়াকার আবু সালেহ, খল অভিনেতা ডন, চিত্রনায়িকা সোহানাসহ আরো অনেকে।
এছাড়াও ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা তার সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন।
শনিবার সকাল ৯টায় পুরান ঢাকার গোপীবাগ থেকে ১২তম দিনের প্রচারণা শুরু করেন আফরোজা আব্বাস। পরে টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট, সূত্রাপুর, দয়াগঞ্জ, স্বামীবাগ, নারিন্দা, ওয়ারী, গেন্ডারিয়া, ফরিদাবাদ এলাকায় গণসংযোগ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী ‘মগ’ মার্কায় এসব এলাকার দোকানের মালিক-কর্মচারী, পথচারী ও বাসাবাড়িতে গিয়ে ভোট ও দোয়া চান। এসময় জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি।
জেআই





