রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী নাটোরে বিএনপিকর্মী হত্যার প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রিজভী ফোনে নাটোরে বিএনপিকর্মী নিহতের প্রসঙ্গ টেনে বলেন, দেশবাসীকে এ অবৈধ সরকারে বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নাটোরে দু’জন বিএনপিকর্মী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একইসঙ্গে এ হত্যারসঙ্গে জড়িত আওয়ামী লীগ-যুবলীগ ক্যাডারদের গ্রেফতারের দাবি জানান রিজভী।

তিনি বলেন, জোর করে ক্ষমতায় থাকা এ সরকারের প্রধান শেখ হাসিনা যুবলীগ, ছাত্রলীগ নেতাদের লেলিয়ে দিয়েছে।

তিনি সরকারে প্রধানকে সতর্ক করে দিয়ে বলেন, মানুষ হত্যাকরীদের একদিন কাঠগড়ায় দাঁড়াতেই হবে ।এদশের জনগণ তাদের ক্ষমা করবে না।

খালেদা জিয়া অবরুদ্ধ থাকার নাটক করছেন- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী সব মিথ্যা কথা বলছেন। বিএনপি চেয়ারপারসনকে তার কার্যালয়ের সামনে ইট বোঝাই, পাথর বোঝাই ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গেটে তালা দেওয়া হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী ডাহা মিথ্যা কথা বলছেন।

এসময় এ মিথ্যাচারের জবাব দিতে দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী।

এএইচ