বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের ও জুলুম-নির্যাতন চালিয়ে সরকার বর্বর শাসন কায়েম করতে চায়।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আলীকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন এসব হত্যা নির্যাতন করে জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে বিরোধী দলীয় নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার করানো কিম্বা দমানো যাবে না।
মির্জা ফখরুল বলেন, জনমনে এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে, ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। উদ্দেশ্য বাস্তবায়ন করতে বর্তমান অবৈধ সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিএনপির এই নেতা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, হত্যা এবং দলন-পীড়ণ চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনদিনই পূরণ হবেনা।

তিনি অবিলম্বে মো: আলী মেম্বারকে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এছাড়াও নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ঢাকা, এমএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)