বিগত বিএনপি-জামায়াত জোট সরকার রেলের উন্নয়ন করেনি, বরং এ খাতকে ধ্বংস করেছে। আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় এসে যাত্রীসেবা বৃদ্ধির জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেলকে পৃথক করে স্বতন্ত্র রেলপথ মন্ত্রণালয় গঠন করেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়নের কাজ চলছে। ক্রমান্বয়ে রেলখাতের ব্যাপক উন্নয়ন করা হবে। ইতিমধ্যে সাত হাজার লোক নিয়োগ দিয়ে জনবল সংকট কিছুটা দূর করা হয়েছে। ক্রমান্বয়ে সকল শূন্য পদে জনবল নিয়োগ করা হবে এবং জনবল সংকট দূর করা হবে।

নীলফামারীসহ দেশের সব জেলায় যে সকল রেলওয়ে স্টেশন বন্ধ রয়েছে, তা পর্যায়ক্রমে চালু করার কথা জানান মন্ত্রী।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আলাউদ্দিন, রেলওয়ে অধিদপ্তরের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক নুর মোহাম্মদ ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোকছেদুল মোমিনসহ রেল বিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ