গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত মৌন মিছিলের মাধ্যমে আবারো রাজপথে সরব হল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে এই কালো পতাকা মিছিলে অংশ নেয় ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মী।
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজপথ থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল বিএনপি। এই নির্বাচনের পর থেকে মূলত বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান আর সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল দলটির কর্মসূচি। বিএনপির সঙ্গে সঙ্গে অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল ২০ দলীয় জোট। রাজপথে তাদের কারোরই উল্লেখযোগ্য কোনো অবস্থান ছিল না।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলসহ অন্যান্য দলকে বাইরে রেখে অনুষ্ঠিত এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দেয় ২০ দলীয় জোট। তবে সাংবিধানিক নিয়ম-রীতি রক্ষা করে ওই নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আওয়ামী লীগ। এরপর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, দল গুছিয়ে তারা আন্দোলনে নামবে। এমন ঘোষণা দেয়ার ছয় মাসেরও বেশি সময় পর অবশেষ কালো পতাকা মিছিল কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে ৫ জানুয়ারির নির্বাচন বা বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির এ কর্মসূচি নয়। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে এ কর্মসূচি বিএনপির।
সর্বশেষ চলতি বছরের ২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছিল বিএনপি। সমাবেশে খালেদা জিয়া বক্তব্য রাখেন। সেই সমাবেশটি জোটের না হলেও সেখানে জোটের শরিকরা উপস্থিত ছিলেন।
তবে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদের শনিবারের আয়োজিত কালো পতাকা মিছিলটি হচ্ছে রাজপথে জোটের প্রথম আনুষ্ঠানিক গণজমায়েত।
এর আগে রাজপথে সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাইলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি না দেয়ায় সেসব কর্মসূচি করতে পারেনি বিএনপি। আজকের মৌন মিছিলের অনুমতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফুটে উঠেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিল।
তবে এই কর্মসূচিতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নয়পল্টন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা, এমএইচ, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম





