অসুস্থার কারণে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রায় বারবার পেছাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
সুরঞ্জিত বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী সাজা ঘোষণার সময় অপরাধীকে আদালতে উপস্থিত থাকতে হয়। নিজামীর আইনজীবীর পক্ষ থেকে তার অসুস্থার বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছেন। এ জন্য রায় ঘোষনায় বিলম্ব হচ্ছে। তবে অসুস্থতার কারণে তার রায় বারবার পিছাবে না।
তিনি বলেন, যুদ্ধাপারাধীদের বাঁচানোই বিএনপির মূল উদ্দেশ্য। বিএনপি নেত্রী খালেদা জিয়া ঈদের পরে যে আন্দোলনের ডাক দিয়েছেন তা শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য।
তিনি আরও বলেন, অতীতে তিনি অনেক আন্দোলনের ডাক দিয়েছেন। তাতে জনগণের সম্পৃক্ততা না থাকায় সফল হয় নি। আর ঈদের পরে খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন তা কোনভাবে সফল হবে না।
ঢাকা, এমআর, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





