জাতীয় পার্টি (জাপা)’র সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র আপিল শুনানিতেও বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ (৭ ডিসেম্বর) শুক্রবার ঋণখেলাপীর দায়ে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

তিনি পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে গত মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুরে হাওলাদারের পক্ষে আইনজীবী নজরুল ইসলাম আবেদন জমা দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেয়া হয়। প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙাকে নতুন মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের দশম তলায় স্থাপিত এজলাসে দ্বিতীয় দিনের মত আপিল শুনানি শুরু হয়।  এর আগে গতকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে ৮০ প্রার্থী বৈধতা পান। বাতিল বা খারিজ হয় ৭৬ প্রার্থীর আবেদন।

সিরিয়াল নম্বর অনুযায়ী আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল (শনিবার) শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।  

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৪৩ জন আপিল করেছিলেন।

আগামীকাল ৭ ডিসেম্বর দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ নম্বর আবেদনের শুনানি হবে। আর ৮ ডিসেম্বর শেষ দিন শুনানি হবে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হয়ে নির্ধারিত আবেদন নম্বর শেষ না হওয়া পর্যন্ত চলবে।

মনোনয়নপত্র বাছাইকালে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০০ সংসদীয় আসনে ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি, আর স্বতন্ত্র ছিল ৪৯৮টি। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

এমবি