জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জনগণের কোনো ভোটাধিকার ছাড়াই এই অবৈধ সরকার ক্ষমতা দখল করে নিজেদের অপকর্ম আড়াল করতে সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায়।

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণবিরোধী জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সরকার ভুয়া সরকার কারণ দেশের জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি। সে জন্য তারা দেশি-বিদেশি কোনো মতামতকে তোয়াক্কা না করেই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কিন্তু ইতিহাস স্বাক্ষী কোনো স্বৈরাচারি শাসক তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। অত্যাচারী শাসকরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে।

জামায়াত নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার বৃদ্ধ, অন্তসত্বা মহিলা, শিশু-কিশোরদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে। তিনি অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ আটককৃত নেতাদের মুক্তি দাবি করেন।

অধ্যাপক মুজিবুর রহমান ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে আরও সোচ্চার হতে হবে।

২০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপিরস্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন,

কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য কবির আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা ইসহাক,ইসলামী ঐক্যাজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মবিন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ বক্তব্য রাখেন ।

ঢাকা, এমএইচ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর