আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ ও স্বার্থক হয়েছে। তিস্তার পানি চুক্তি ও সীমান্ত চুক্তির বিষেয় তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন,ভারত চায় বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকুক। এক্ষেত্রে তারা কোন হস্তক্ষেপ করবে না। এ সফরের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গেল।ভারতের সরকার আসবে যাবে কিন্তু সম্পর্ক একই থাকবে।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মাধ্যমে উত্তেজনাকর সম্পর্কের অবসান ঘটবে। বাংলাদেশের তিস্তা নদীর পানি বন্টনের যে দাবি সে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সুষমা স্বরাজ। আমরা আশা করছি খূব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।

সাবেক এ মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাত হয়েছে। আজ (শুক্রবার) রাজপথের বিরোধী নেত্রী এবং সংসদের বিরোধী নেত্রী দুজনের সঙ্গেই দেখা করবেন। সকলের সঙ্গেই তারা (ভারত) সুসম্পর্ক বজায় রাখবেন।

অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, আমি কোন মন্ত্রীর প্রতি রাগ-বিরাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কিছু বলিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শুধু রক্ষা করলেই চলবে না। তার প্রতি শ্রদ্ধাশীলও হতে হবে। সংসদ থেকে দূরে থেকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া যাবে না।

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ইস্তিয়াক হোসেন দিদার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

ঢাকা, এমআর, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এসএইচ