শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, টঙ্গীর আগুনের ঘটনায় যাদেরই গাফিলতি থাকবে তারা যে প্রতিষ্ঠান বা সংস্থার হোক না কেন শাস্তি পাবেই। রোববার সকালে টঙ্গীর বিসিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাম্পাকো ফয়েলস কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত, শোকাহত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবাই এ ব্যাপারে শোক প্রকাশ করেছে। হাতহতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। শ্রম মন্ত্রণালয় থেকে আর্থিক সাহায্য দেয়া হচ্ছে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আমরা দেখবো এ ঘটনা কেন ঘটল? এ ঘটনার মাধ্যমে যে এতোগুলো প্রাণ গেল এ জন্য আমরা খুবই দুঃখিত। আমরা চাই এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটুক। তার জন্য তদন্ত সাপেক্ষ পরিপূর্ণ ব্যবস্থা সর্বক্ষেত্রে নেয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি যেন সমস্ত শিল্প নগরীতে এ ধরণের তদন্ত করা হোক। দেখা হোক কোথাও কোনো লিকেজ আছে কিনা? বৈদ্যুতিক শর্ট সার্কিট আছে কি-না? বয়লার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি-না? মেয়াদ উত্তীর্ণ কোনো বয়লার চালু আছে কি-না? থাকলে সেগুলো বন্ধ করে তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসএ