নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘দলকে শক্তিশালী ও দলের প্রতি নেতাকর্মীদের আনুগত্য বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

মাদারীপুরের নতুন শহরে নৌমন্ত্রীর বাসভবনে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এর আগে সদর ও রাজৈর উপজেলার ১৬টি সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা ৪ দফা দাবিতে নৌমন্ত্রীকে স্মারকলিপি দেন।

এ সময় শাজাহান খান বলেন, ‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়ন নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও গ্রহণযোগ্য বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।’

দুই বিদেশী নাগরিক হত্যার কথা উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি ও জামায়াতের মূল লক্ষ্য ছিল দুই বিদেশী নাগরিক হত্যার পরিকল্পনার মধ্য দিয়ে সরকারের অকার্যকারিতা প্রমাণ করা।’ রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এ হত্যাকাণ্ড বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে নৌমন্ত্রী বলেন, ‘লন্ডনে বসে মা ও ছেলে একসঙ্গে ষড়যন্ত্র পাকাচ্ছেন। দুই বিদেশী নাগরিক হত্যায় তদন্ত হচ্ছে, তদন্তের পরই প্রমাণ হবে এ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস, সিভিল সার্জন দিলিপ কুমার দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ প্রমুখ।

এমকে