জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল বলেছেন, মুক্তিযুদ্ধের ষোল এজেন্টের দাবিদার আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতবিক্ষত, বিপর্যস্ত। গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক মূল্যবোধ ধবংস করে তারা একদলীয় বাকশাল কায়েমের ষড়যন্ত্র করছে।
আজ বৃহস্পতিবার জামায়াতের ঢাকা মহানগরী আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের ভাতের, ভোটের, কথা বলার এমনকি মত প্রকাশের স্বাভাবিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। মানুষের নূন্যতম বেঁচে থাকার অধিকারও নেই। দূর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী অপশক্তি থেকে দেশকে মুক্ত করে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
নুরুল ইসলাম বুলবুল বলেন, গুম-খুনের কারণে দেশে মৃত্যুপূরীতে পরিণত হয়েছে। মানুষ বাসা বাড়িতেও নিরাপদ নয়। গভীর রাতে বাসা থেকে নিরীহ মানুষকে তুলে নিয়ে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মানুষের লাশ মিলছে নালা নর্দমা ও পরিত্যক্ত জায়গায়। শুধু তাই নয়, স্বজনরা মৃত্যুর পর লাশ দাফনের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাধের উপর ভর করে বিরোধী দলকে নিশ্চিন্ন করে তারা আজীবন ক্ষমতা দখলে রাখতে চায়। সরকার মিডিয়া নিয়ন্ত্রণ করে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে নাশকতা ও সন্ত্রাস হিসেবে চিত্রায়িত করে দেশ ও আন্তর্জাতিক মহলে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার পূনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়াই হোক ৪৪ তম স্বাধীনতা দিবসের অঙ্গিকার।
সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মো: ফরিদ হোসাইন, ড. এডভোকেট হেলাল উদ্দিন, পল্টন থানা জামায়াত নেতা আলমগীর হোসেন, আবদুস সাত্তার সুমন, বেলাল হোসেন, হাসান আল বান্ন প্রমুখ।
এদিকে, জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মনজুরুল ইসলাম ভূইয়া বলেছেন, স্বাধীনতা অর্জিত হলেও দেশে যে অবৈধ সরকারের কারণে স্বাভাবিক মতপ্রকাশ করতে পারছি না। তাই আন্দোলনের মাধ্যমে মানুষের সকল অধিকার ফিরিয়ে দিতে হবে।
ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা জামায়াত আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত আমীর আব্দুল বারী আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল হান্নান, ওয়ার্ড সভাপতি মোতাহার হোসেন, সেক্রেটারি আব্দুল কাদের, মাহফুজ আলম, আব্দুল কাদের ও মো: আসলাম হোসেন, সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম, আক্তারুল আলম সোহেল প্রমুখ।
জেএ





