উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি আরও কঠোর করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিশেষ বিসিএস এর মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে মত বিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরও ৭ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণির শুন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেয়া হচ্ছে। ফলে হাসপাতালে জনবলের অভাবে চিকিৎসক সংকটের সমাধান সম্ভব হবে।

 ‘তৃণমূল পর্যায় বিশেষ করে দুর্গম এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদেরকে কর্মস্থলে থেকে সেবা দিতে হবে’ একথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের তদারকি বাড়ানোর ফলে অতীতের তুলনায় চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবা দেয়ার প্রবণতা অনেকাংশ বেড়েছে।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন। 

এমবি