বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্দলীয় সরকারের দাবি চিরদিনের দাবি নয়, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হতে হলে নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।
তিনি বলেন, সরকার নির্বাচনের সময় নিবার্চন কমিশনকে প্রভাবিত করে। নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা সব সময় প্রশ্নবিদ্ধ। জনগণ নির্দলীয় সরকারের পক্ষে। যদি সরকার আলোচনার মাধ্যমে দাবি না মানে তাহলে জনগণই এর ফয়সালা করবে।
শুক্রবার সকালে রেলওয়ে শ্রমিকদলের নব নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, আমরা জনগণের আশা আকাঙ্খাকে প্রাধান্য দিচ্ছি। ৫জানুয়ারি প্রহসনের নিবার্চন ছিলো। এখনো মানুষ তাদের ভোটের অধিকার রক্ষার জন্য লড়াই করছে। বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা দুটোই অনিরাপদ। গণতন্ত্র পুণরুদ্ধারের পাশাপাশি জীবন ও জীবীকা রক্ষার আন্দোলন চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিকদল হিসেবে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধান চায়। কিন্তু এই সরকারতো ভোটাধিকার চায় না। সবাই জানে এই নির্বাচনে ৫ভাগের বেশী জনগণ ভোট দেয়নি।
খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, এটা আদালতের বিষয়। এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।
এসময় শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





