দেশী-বিদেশী ষড়যন্ত্রের আগ্নেয়গিরির মধ্যে আওয়ামী লীগ অবস্থান করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল বিদেশী ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোয়েন্দা মোসাদের সাথে হাত মিলিয়ে কাজ করছে।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স অডিটরিয়ামে বঙ্গবন্ধু বার্তা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আমার দূ:খ লাগে যে দল দুইবার ক্ষমতায় থেকেছে সে দল ক্ষমতার লোভে রাজনৈতিক পরিচয় হারিয়ে এত তাড়াতাড়ি সন্ত্রাসী-জঙ্গীদলে পরিণত হয়েছে।
তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রের যে নীল নকশা তৈরি করছে তা প্রতিহত করতে হবে এবং এজন্য সেচ্ছাসেবক লীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রাজনৈতিক ভাবে এখন চরম দু:সময় চলছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করার জন্য দেশকে জঙ্গীবাদের তকমা লাগানোর জন্য সংখ্যালঘূ হত্যাকাণ্ড চলছে।
আমি বলতে চাই অতীতে বঙ্গবন্ধুর দু:সময়ে যেমন নেতাকর্মীরা তার পাশে ছিল, তেমনি শেখ হাসিনার পাশেও নেতাকর্মীরা থাকবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেল করবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু বার্তার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।
এফএফ





