কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড়ের আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেয়ারও আহবান জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে কক্সবাজার জেলার টেকনাফ, মহেষখালী ও সেন্টমার্টিন দ্বীপে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিন দ্বীপে একজন, মহেষখালীতে শিশুসহ চারজন ও পটুয়াখালী জেলার গলাচিপায় একজন মোট ৬ জন লোক নিহত হয়েছে।

টেকনাফ সদর উপজেলায় ২০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে এবং সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গিয়েছে। জীবনের ঝুকি নিয়ে দ্বীপের আধিবাসীগণ বেঁচে আছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরী ভিত্তিতে সাহায্য সামগ্রী এবং গৃহহীনদের জন্য গৃহনির্মাণ সামগ্রী পাঠানো ও নিহতদের পরিবার পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

আমি ঘূর্ণিঝড়ে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

এআর