ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকি ফাঁকা আওয়াজে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির নেতারা বলেছেন ঈদের পর আন্দোলন করবেন। অথচ এখন ঈদের ৫ দিন অতিবাহিত হলেও তাদের কোন খবর নেই। তারা কেউ এখন সিঙ্গাপুর, কেউ লন্ডনে, কেউবা আবার সৌদি আরবে চলে গেছেন। কয়েক দিন পর তাদের এই হুমকিগুলো ফাঁকা আওয়াজে পরিনত হবে।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘নাগরিক সমাজ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত যদি ১৩ সালের মতো পেট্রোলবোমা মেরে ও আগুন দিয়ে মানুষ হত্যা করে, তাহলে ২০ দলীয় জোটের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে।

‘সরকার অস্ত্রের ভাষায় কথা বললে বিএনপি চুপ থাকবে না’ বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার কখোনো অস্ত্রের ভাষায় কথা বলেনি, বলার কথাও না। তবে আপনার কথায় আমরা ২০১৩ সালের মত পরিস্থিতি সৃষ্টির আভাস পাচ্ছি। যদি এমন কোন পরিবেশ সৃষ্টি করেন তবে আমরা বসে থাকব না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, তুবা গ্রুপের শ্রমিকদের নিয়ে একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। গতকাল এই সকল ষড়যন্ত্রকারীদের মুখোস টেলিভিশনে উম্মুক্ত হয়েছে। তারা ৪০ লাখ শ্রমিকের এই সেক্টরকে ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তাই তুবা গ্রুপের শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করার জন্য বিজিএমইএর প্রতি অনুরোধ জানান তিনি।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কার্যকরী পরিষদ সদস্য হেদায়েতুল্লাহ স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

ঢাকা, এমআর, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এএইচ