দলের সিনিয়র নেতাদেরকে নিয়ে বেশ কয়েকটি সমসাময়িক বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য দীর্ঘদিন পর স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বুধবার সন্ধ্যার পর চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চেয়ারপার্সন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন।
দলের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, বৈঠকে বিএনপির চলমান সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া, কাউন্সিল, পৌর নির্বাচনে অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের সম্ভবনা রয়েছে।
নিজের শারীরিক চিকিৎসার জন্য দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে গুলশানে নিজের বাসা ‘ফিরোজা’য় এক প্রকার বিশ্রামেই ছিলেন তিনি। এই সময়ে কোনো নেতাই তার স্বাক্ষাৎ পাননি। দীর্ঘ ৭১ দিন পর মঙ্গলবার রাতে তার নিজ কার্যালয়ে অফিস করেছেন।
গত মঙ্গলবার রাতে খালেদা জিয়া কার্যালয়ে আসেন। এ সময় কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপি নেত্রীর রাজনৈতিক জীবনে এত দীর্ঘ সময়ে কার্যালয়ে অনুপস্থিতির ঘটনা এই প্রথম।
গত ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। সেখানে বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে ঈদ করেন তিনি। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে তার চোখ ও পায়ের চিকিৎসা চলে। ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে এটি ছিল খালেদার দ্বিতীয় সফর।
২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় (২১ অগাস্ট গ্রেনেড হামলা) হুলিয়া নিয়ে গত সাত বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন।
এমএ





