লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে নতুন কর্মসূচী ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।

কর্মসূচির মধ্যে রয়েছে- লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামী ২২ অক্টোবর বিক্ষোভ মিছিল, ৩১ অক্টোবর চট্টগ্রামে মহাসমাবেশ।

আগামী ১৪ নভেম্বর খুলনা ও আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন।

জানা গেছে, গণসমাবেশের অনুমতি না দেয়ায় সোমবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে দলটির নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নতুন কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, লতিফ সিদ্দিকীর নাগরিকত্ব বাতিল করতে হবে এবং দেশে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি দেশে ফিরে না আসলে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করে দেশে আনতে হবে।

এ সময় নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ মহানগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এআর