র‌্যাব প্রাতিষ্ঠানিভাবেই অপহরণ-গুম-খুনের সাথে জড়িয়ে পড়েছে অভিযোগ এনে আবারো এ বাহিনীর বিলুপ্ত দাবি করেছে বিএনপি। একইসঙ্গে এর পরিবর্তে বিকল্প বাহিনী গড়ার প্রস্তাব করেছে দলটি।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সঙ্গে মতবিনিময় শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।

বিএনপির এ মূখপাত্র বলেন, ‘র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেগম জিয়ার বক্তব্য সত্য বলে প্রমান হয়েছে। এই বাহিনী অর্থের বিনিময়ে মানুষ খুন করে সুনাম নষ্ট করেছে। সেইজন্য এই বাহিনী বিলুপ্ত করে বিকল্প বাহিনী গঠন করতে হবে।’ 

র‌্যাবের তীব্র সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, যে বাহিনী গুম-খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে, সে বাহিনীর আর কোনো কার্যকারিতা থাকতে পারেনা। তাই র‌্যাবকে বিলুপ্ত করে একটি কার্যকরী বাহিনী গঠন করতে হবে। যে বাহিনী তাদের এখতিয়ার বর্হিভূত কোন কর্মকাণ্ড জড়িত হবেনা।’

সচিবলায়ের একটি অংশ আগারগাঁয়ে স্থানান্তরের জন্য জিয়াউর রহমানের মাজার অন্যত্র সরিয়ে ফেলা হতে পারে-এমন খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে পত্রপত্রিকায় সেভাবে আসেনি এবং অফিসিয়ালভাবেও জানি না। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।’ 

মির্জা আলমগীর বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের কল্যান ফ্রন্ট তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি বৌদ্ধ ও হিন্দুদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদও জানিয়েছে তারা। কাউন্সিলের মাধ্যমে এই সংগঠনকে আরো কার্যকর ভূমিকা রাখতে এই সভায় আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপির এ নেতা।

ঢাকা, এমএইচ, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ