মশাল মিছিলে পুলিশের হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্র ফেডারেশন।

সংগঠনটির নেতা-কর্মীরা বিক্ষোভ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল ঘোষণা করে এর প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেন।

শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলটি রোকেয়া হল ও রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগের দিকে যায়। শাহবাগ থানার সামনে পুলিশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে মিনিট দুয়েকের মধ্যে পুলিশ মিছিলটিকে ছেড়ে দেয়।

পরে শাহবাগ মোড় ঘুরে থানার সামনে দিয়ে ফের টিএসসিতে আসেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে আগামী এক মাস সারা দেশে সব প্রগতিশীল সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবো আমরা।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ।

এএস