বাংলাদেশ সরকারের দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হককে কারো দিকে না তাকিয়ে নিজেদের বিবেকের বাণী শুনে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেছেন, এটি জাতীয় মর্যাদার প্রশ্ন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করার পরই তাদের পদত্যাগের দাবি করছে বিএনপি।

এ প্রসঙ্গে এমাজউদ্দীন বলেন, ‘এই দুই ভদ্রলোক (দুই মন্ত্রী) অন্য কারো দিকে না তাকিয়ে যদি নিজেদের বিবেকের দিকে একটু তাকান, বিবেকের বাণী শোনেন, তাহলে ভালো হয়।’

‘বিবেকের বাণী কানে পৌঁছা মাত্র তারা যেন আর মন্ত্রিত্বে না থাকেন। কারণ, এটি জাতীয় মর্যাদার প্রশ্ন।’

এ প্রসঙ্গে উদাহরণ টেনে এমাজউদ্দীন বলেন, ২০০৪ সালে একজন পুলিশের আইজিকে দুই হাজার টাকা জরিমানা করে আদালত। তিনি সঙ্গে সঙ্গেই চাকরি ছেড়ে দেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা আত্মমর্যাদা ও আত্মসম্মানের ব্যাপার। আমাদের মন্ত্রীদের আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ থাকবে না, এটি আমি বিশ্বাস করি না। তাদের অবশ্যই আত্মসম্মান ও আত্মমর্যাদাবোধ আছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ইয়ূথ ফোরামের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন-জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 

এমআইএস।