বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কর্তৃক অযৌক্তিক ভাবে আরোপিত ৭.৫ ভাগ কর প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

তিনি আজ কেন্দ্র ঘোষিত সপ্তাহ ব্যাপি সাক্ষরতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগরীর সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।

শাখা সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারাক হোসেন।

শিবির সভাপতি বলেন, যেখানে শিক্ষাকে অগ্রাধিকার দেয়ার কথা সেখানে সরকার শিক্ষার্থীদের কাছ থেকে রাজস্ব আদায় করার সিদ্ধান্ত নিয়েছে। নূন্যতম দায়িত্ববোধ থাকলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারত না।

তারা ইচ্ছাকৃত ভাবে অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিল থেকে রাজপথে নামিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের উপর হামলা ও মন্ত্রীরা অসংলগ্ন বক্তব্য দিয়ে ছাত্রদের বিক্ষুদ্ব করে তুলছে।

লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দিয়ে সরকার কোন উদ্দেশ্যে হাসিল করতে চায় তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সরকারের বুঝা উচিৎ শিক্ষার্থীরা কারো প্রতিপক্ষ নয় বরং তারাই আগামী দিনের জাতির কান্ডারী। সুতরাং তাদের নিয়ে তালবাহানা মানে গোটা জাতির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেয়া। ছাত্রসমাজ তা মেনে নেবেনা।

গুলি, হামলা, হুমকি, ধামকির পরও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখে প্রমাণ করেছে কিছুতেই তারা সরকারের এই অযৌক্তিক দাবী মেনে নেবেনা। ইতমধ্যে সকল শ্রেণী-পেশার মানুষ ছাত্রসমাজের ন্যায্য দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেছে।

সুতরাং তালবাহানা বন্ধ করে ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নিন। অন্যথায় ছাত্রসমাজকে বিক্ষুদ্ধ করার করুণ পরিণতির ইতিহাস এদেশে বিরল নয়।

এসএইচ