সিলেটে নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় নির্বাচনী প্রচারণায় কথা বলার একপর্যায়ে হঠাৎ মাথাঘুরে পড়ে যাওয়ার সময় পাশে থাকা নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে নগরের মিরবক্সটুলা এলাকায় বেসরকারি ক্লিনিক পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম জানান, পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পরে ঘণ্টাখানেক সেখানে বিশ্রাম নেয়ার পর সুস্থবোধ করলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ডায়বেটিকের সুগার কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী জানান, নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ডা. জাফরুল্লাহ চৌধুরী অসুস্থবোধ করলে পপুলার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে চেকআপ করার পর তাকে বিশ্রামের পরামর্শ দেন। তবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিশ্রাম না নিয়েই সিলেট-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর প্রচারণায় অংশ নিতে গোলাপগঞ্জে চলে গেছেন।

এম বিল্লাহ