বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী তালাক দেয়া বিবির সঙ্গে বৈঠক করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে  বঙ্গবন্ধু প্রজন্মলীগ আয়োজিত এক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে বদরুদ্দোজা চৌধুরী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলির সঙ্গে নির্বাচনী জোট করতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওই সময় তারা বলেছিলেন, তালাক দেয়া বিবির সঙ্গে ঘর করা যায় না। কিন্তু এখন তারা গোপনে তালাক দেয়া বিবির সঙ্গে বৈঠক করেন। তাদের লজ্জা না লাগলেও আমাদের শরম লাগে।
সাবেক এই মন্ত্রী বলেন, বিদেশি বন্ধুদের মুক্তিযুদ্ধের অবদানের জন্য বিএনপি সম্মাননা দিবে। এটা গরু মেরে জুতা দান। মুক্তিযুদ্ধের বিরোধীদের সঙ্গে জোট করেছেন। তাদের সঙ্গে নিয়ে ক্ষমতায় গিয়েছিলেন। এখন মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননান দিচ্ছেন। এটা আপনাদের ভাওতাবাজি এবং উপহাস।
উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াতকে প্রতিষ্ঠা করতে খালেদা জিয়া বিভিন্ন জায়গায় প্রার্থী দেননি। এজন্য অনেক জায়াগায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছে।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাস, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]